রাজধানীর একটি হোটেলে গত বুধবার আকিজ ভেঞ্চার গ্রুপের সবুজ মোবিলিটি ও নবায়নযোগ্য জ্বালানি প্রতিষ্ঠান ‘অ্যারিয়াল’ আধুনিক বৈদ্যুতিক স্পোর্টস এসইউভি ‘ডংফেং ফোরথিং ফ্রাইডে’ উন্মোচন করেছে। ডংফেং লিউঝু মোটর কোং লিমিটেডের একচেটিয়া পরিবেশক হিসেবে দায়িত্ব পালন করছে এই প্রতিষ্ঠানটি।
অনুষ্ঠানে ফোরথিং ব্র্যান্ডের প্রতিনিধিদলের পাশাপাশি অ্যারিয়ালের ঊর্ধ্বতন কর্মকর্তারা, ডিলার নেটওয়ার্ক, ব্যাংকিং পার্টনার, করপোরেট ফ্লিট গ্রাহক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। ব্র্যান্ডটির পরিচিতি তুলে ধরার পর গাড়িটি দর্শকদের সামনে তুলে ধরা হয়। এরপর অতিথিদের জন্য যানটির কৌশলগত ফিচার, সারা দেশে প্রসারিত সার্ভিস নেটওয়ার্ক এবং চার্জিং অবকাঠামোর পরিকল্পনা বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়।
আকিজ ভেঞ্চার গ্রুপের চেয়ারম্যান শেখ শামীম উদ্দিন বলেন, ‘নতুন ডংফেং ফোরথিং ফ্রাইডে বাংলাদেশের ভবিষ্যৎ পরিবহনব্যবস্থা নিয়ে আমাদের ভাবনারই প্রতিফলন। এটি এমন একটি আধুনিক স্পোর্টস এসইউভি, যেখানে একসঙ্গে মিলেছে বুদ্ধিদীপ্ত প্রযুক্তি, গতিশীল পারফরম্যান্স এবং ৫-স্টার সেফটি রেটিং।’
আধুনিক ডিজাইন, উন্নত প্রযুক্তি ও শক্তিশালী নিরাপত্তা মানদণ্ড সমন্বিত এই যানটি দেশের টেকসই পরিবহন খাতে নতুন মাত্রা যোগ করেছে। পরিচ্ছন্ন, স্মার্ট ও নির্ভরযোগ্য যানবাহনের প্রতি দেশের ক্রমবর্ধমান আগ্রহকেই এই উদ্যোগের পেছনে চালিকাশক্তি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।