সারা দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ের মধ্যে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৯০ জন।
বুধবার (৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে প্রকাশিত হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে দুইজন এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়ে আরও দুইজন মারা গেছেন। এছাড়া চট্টগ্রামে একজন এবং সিলেটে একজনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যানুসারে, গত ১৫ মার্চ থেকে এ দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৪০ জনে। এই মোট মৃত্যুর তালিকায় নিশ্চিত হামে আক্রান্ত ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৩৬ জনের মৃত্যু অন্তর্ভুক্ত রয়েছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয় যে, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৮০ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। এর ফলে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা বর্তমানে ২ লাখ ২৯৩ জনে পৌঁছেছে। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১১০ জন। এর ফলে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ২০ জনে।
গত ১৫ মার্চ থেকে সারা দেশের বিভিন্ন হাসপাতালে হামের সন্দেহে মোট ১ লাখ ৭৭ হাজার ৬৭৬ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৭০ হাজার ৪৭৩ জন।