কক্সবাজারে আন্তর্জাতিক অনলাইন প্রতারণা চক্রের সাথে জড়িত থাকার অভিযোগে ছয়জন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে শহরের কলাতলী এলাকার হোটেল সি-প্যালেসে গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত যৌথ অভিযানে তাদের আটক করা হয়।
অভিযান চলাকালীন তাদের কাছ থেকে ১৯৩৮টি আইফোন, অন্তত ৩০টি ল্যাপটপ এবং পুলিশের ব্যবহৃত বিশেষ যোগাযোগ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অভিযান) মো. অহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রামু থানায় দায়ের করা একটি অভিযোগের সূত্র ধরে ঢাকা থেকে পাওয়া সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই মূল অভিযানটি পরিচালনা করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে সাইবার অপরাধ ও অনলাইনভিত্তিক আন্তর্জাতিক আর্থিক প্রতারণার ধারায় মামলা করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় ২০০ থেকে ৩০০ জন চীনা ও তাইওয়ানি নাগরিক একটি সংঘবদ্ধ চক্র হিসেবে কক্সবাজারের মেরিন ড্রাইভসংলগ্ন কয়েকটি হোটেল ভাড়া নিয়ে সাইবার প্রতারণা চালিয়ে আসছিলেন। হোটেল কর্তৃপক্ষ জানান, গত ২৬ আগস্ট চীনা নাগরিকদের এই দলটি হোটেলে অবস্থান নেয়। পরে বৃহস্পতিবার রাতে পুলিশি অভিযানে চক্রটির ওই ৬ সদস্যকে হাতেনাতে গ্রেপ্তার করে।