কুষ্টিয়ার মিরপুরে নিখোঁজের চার দিন পর কোমরে বালির বস্তা বাঁধা অবস্থায় এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে। নিহত হলেন ৭০ বছর বয়সী হাসনা খাতুন। তার স্বজনরা ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে আখ্যায়িত করেছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার গোবিন্দগুনিয়া এলাকার জিকে খালে ভাসমান লাশ দেখে স্থানীয়রা ৯৯৯ নম্বরে সংবাদ দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। স্বজনরা তা হাসনা খাতুনের বলে শনাক্ত করেন। তিনি মিরপুর উপজেলার বহলবাড়ী ইউনিয়নের খাড়ারা গ্রামের করিম আলীর স্ত্রী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত সোমবার রাত ১২টার দিকে ছেলে হাসান আলীর সঙ্গে হাসনা খাতুনের শেষ কথা হয়। এরপর তিনি নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। মঙ্গলবার ভোরে ঘরে তাকে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। কোনো সন্ধান না পেয়ে তারা বৃহস্পতিবার মিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

নিহতের পরিবারের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। স্বজনদের অভিযোগ, হাসনা খাতুনকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ খালে ফেলে দেওয়া হয়েছে। তারা দ্রুত তদন্ত এবং জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন। লাশ উদ্ধারের খবরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (মিরপুর সার্কেল) মাহমুদুল হক মজুমদার জানান, নিহতের ছেলে থানায় জিডি করার পরদিন আজ খালের পানি থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে।