কুষ্টিয়ার মিরপুরে এক নির্জন সড়কে গাছের ডাল ফেলে যানবাহনের গতি কমিয়ে দিয়ে ডাকাতির এক দুঃসাহসিক ঘটনা ঘটেছে। মুখোশ পরিহিত এবং দেশীয় অস্ত্রসজ্জিত ৫ থেকে ৬ জনের একটি দল পূজামণ্ডপে যাওয়ার পথে একটি ভ্যানে থাকা নারী যাত্রীদের স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। এছাড়া আরেকটি সিএনজিচালিত অটোরিকশার যাত্রীদের কাছ থেকেও স্মার্টফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তবে স্থানীয়দের জড়ো হতে দেখে দ্রুত সেখান থেকে পালিয়ে যায় ওই দুর্বৃত্তরা।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৯ অক্টোবর) রাত পৌনে ১০টার দিকে উপজেলার ছাতিয়ান ইউনিয়নের কালিতলা বিষিনতা মাঠ সংলগ্ন এলাকায়।

স্থানীয় সূত্রে এবং পুলিশি তথ্যানুসারে জানা গেছে, নির্জন সড়কের ওপর গাছের ডাল ফেলে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করে সেখানে ওঁত পেতে বসেছিল মুখোশধারী দুর্বৃত্তরা। দেশীয় অস্ত্র হাতে নিয়ে ৫-৬ জনের একটি দল সেখানে অবস্থান নেয়। ওই পথ দিয়ে মোটরসাইকেলে যাওয়ার সময় এক যুবক কৌশলে নিজেকে রক্ষা করতে সক্ষম হন এবং দ্রুত কাছের একটি মোড়ে থাকা লোকজনকে ডাকাতির খবর জানান। এই খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলের দিকে ছুটে আসেন।

ঠিক সেই সময়ে পূজামণ্ডপে যাওয়ার পথে একটি ভ্যানে থাকা চার নারী দুর্বৃত্তদের কবলে পড়েন। অভিযোগ অনুযায়ী, তাদের কাছ থেকে স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়া হয়। এরপর ওই পথ দিয়ে যাওয়া আরেকটি সিএনজিচালিত অটোরিকশার যাত্রীদের কাছ থেকে স্মার্টফোন ছিনিয়ে নেয় ডাকাত দলটি। এ সময় নগদ অর্থ ও অন্যান্য প্রয়োজনীয় মালামাল খোয়া যাওয়ার অভিযোগও উঠেছে।

ভুক্তভোগী এক নারী ঘটনার বর্ণনা দিয়ে বলেন, “আমরা সিএনজিতে করে যাওয়ার পথে রাস্তার মাঝে গাছ পড়ে থাকতে দেখা যায়। হঠাৎ করে রাস্তা দুইপাশ থেকে মুখোশধারী ৫ থেকে ৬ জন এসে অস্ত্রের মুখে জিম্মি করে আমার গহনা নিয়ে যায়।”

ছাতিয়ান ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য উজ্জ্বল হোসেন জানান, রাস্তায় গাছ ফেলে ডাকাতির এই ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং পরবর্তীতে পুলিশও সেখানে পৌঁছায়। তবে ততক্ষণে দুর্বৃত্তরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। ভুক্তভোগীরা স্থানীয় এলাকার বাইরের বাসিন্দা হওয়ায় তাৎক্ষণিকভাবে তাদের নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি বলে তিনি জানান।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই নির্জন সড়কটির সুযোগ নিয়ে আগেও মাঝেমধ্যে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতেও একই কৌশলে যানবাহনের গতিরোধ করে যাত্রীদের জিম্মি করে মালামাল ছিনিয়ে নেওয়া হয়েছে বলে তারা দাবি করেন।

এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, “রাস্তায় গাছ ফেলে ডাকাতির চেষ্টা করা হয়েছে। স্থানীয় লোকজন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়।”