কুষ্টিয়ার মিরপুর উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাতের একটি ব্যানার ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা।

গত সোমবার (২ নভেম্বর) উপজেলার আটিগ্রামের আজুতলা বাজারে স্থাপিত ওই ব্যানারটি ছেঁড়া অবস্থায় পাওয়া যায়। উল্লেখ্য, ইয়াসির আরাফাত স্থানীয় সরকার নির্বাচনে মিরপুর উপজেলা পরিষদের এনসিপি থেকে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে বিবেচিত।

প্রাপ্ত তথ্যানুসারে, ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ উপলক্ষে এনসিপির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাতের কর্মীরা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার ও গ্রামে ব্যানার স্থাপন করেছিলেন। এসব ব্যানারে মূলত সার সংকট নিরসন, গ্যাসের দাম বৃদ্ধি এবং জ্বালানি তেলের দাম বৃদ্ধিসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়। উপজেলার অন্যান্য স্থানে স্থাপন করা ব্যানারগুলো অক্ষত থাকলেও আটিগ্রামের আজুতলা বাজারের ব্যানারটি লক্ষ্য করে দুর্বৃত্তরা এই হামলা চালায় এবং তা ছিঁড়ে ফেলে।

এই ঘটনার বিষয়ে জানতে চাইলে এনসিপির কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত মুক্তকণ্ঠকে বলেন, ‘বাধা দিয়ে এনসিপির অগ্রগতি থামিয়ে দেওয়া যাবে না। নতুন দল হিসেবে আল্লাহর রহমতে মিরপুর উপজেলার মানুষের কাছ থেকে অভাবনীয় ভালোবাসা পাচ্ছে এনসিপি।’

তিনি আরও বলেন, ‘এই ভালোবাসা একটি দলের নেতাদের সহ্য হচ্ছে না। আমরা কারও সঙ্গে গায়ে পড়ে বিরোধে জড়াব না। জনগণের পক্ষে কথা বলা এবং সেবামূলক কর্মকাণ্ড আরও জোরগতিতে চলবে।’