ব্রিটিশ রাজপরিবারের প্রয়াত সদস্য প্রিন্সেস ডায়ানার জীবন, তাঁর সাথে ভাইয়ের সম্পর্ক এবং মৃত্যুর আগের সপ্তাহের অজানা স্মৃতিগুলো একত্রিত করে নতুন বই প্রকাশ করতে যাচ্ছেন তাঁর ছোট ভাই চার্লস স্পেন্সার।

'ডায়ানা, মাই সিস্টার' শিরোনামে বইটি যুক্তরাজ্যে আগামী ২২ সেপ্টেম্বর প্রকাশিত হবে। প্রকাশক মাইকেল জোসেফের তথ্য অনুযায়ী, এই গ্রন্থের মাধ্যমে প্রথমবারের মতো ডায়ানার প্রতি নিজের দীর্ঘদিনের স্মৃতি ও ভাবনা প্রকাশ্যে তুলে ধরছেন স্পেন্সার।

১৯৯৭ সালের ৩১ আগস্ট প্যারিসে গাড়ি দুর্ঘটনায় প্রিন্সেস ডায়ানা নিহত হওয়ার ৩০ বছর পূর্তি উপলক্ষে বইটি প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মৃত্যুর পর ওয়েস্টমিনস্টার অ্যাবেতে অনুষ্ঠিত শেষকৃত্যে তিনি যে আবেগঘন বক্তব্য দিয়েছিলেন, তা এখনও স্মরণীয়।

স্পেন্সার জানান, ডায়ানার ৩০তম মৃত্যুবার্ষিকী সামনে আসায় তাঁকে বারবার সাক্ষাৎকারের অনুরোধ করা হচ্ছে। এতে প্রভাবিত হয়ে নিজের স্মৃতি ও ভাবনাগুলো একসাথে লিখে রাখার সিদ্ধান্ত নেন তিনি। সময়ের সাথে ডায়ানার বিষয়ে অনেক মতামত ও বক্তব্য প্রচলিত হয়েছে, যার কিছু সত্য নয় বলে তার বিশ্বাস। তাই অন্যদের মতামত পড়ার অস্বস্তি এড়াতে নিজের দেখা ও জানা গল্প নিজেই বলতে চেয়েছেন তিনি।

বইটির অন্যতম উদ্দেশ্য হলো ভাইয়ের দৃষ্টিভঙ্গিতে ডায়ানার সত্যিকারের পরিচয় তুলে ধরা। বোনের শেষকৃত্যের মতো এবারও তিনি ইতিবাচকভাবেই কথা বলবেন। প্রকাশনা প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, বইটিতে এমন তথ্য ও স্মৃতি রয়েছে যা পাঠকদের মধ্যে আগ্রহ তৈরি করবে এবং এটি ডায়ানার প্রতি একটি আবেগঘন শ্রদ্ধার্ঘ্য হিসেবে বিবেচিত হবে।

চার্লস স্পেন্সার আশা করেন, ডায়ানাকে জীবিত অবস্থায় দেখা মানুষগুলো বইটি উপভোগ করবেন। পাশাপাশি যেসব তরুণ ডায়ানার জনপ্রিয়তার সময়টি দেখেননি, বইটি পড়ে তাঁরাও বুঝতে পারবেন ডায়ানা আসলে কেমন মানুষ ছিলেন।

সূত্র: দ্য গার্ডিয়ান | গ্রন্থনা: রবিউল কমল