ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালত সাবেক রেলমন্ত্রী মো. মুজিবুল হকের স্থাবর-অস্থাবর সম্পদ জব্দ ও ছয়টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে গত ১ সেপ্টেম্বর বিচারক শাহজাহান কবির এ আদেশ দেন।

দুদকের সহকারী পরিচালক পাপন কুমার সাহা গত ৩১ আগস্ট এ আবেদন করেন। আদালতের নির্দেশে কুমিল্লার চৌদ্দগ্রামের বিভিন্ন স্থানে থাকা জমি, গাজীপুরের কালীগঞ্জের একটি প্লট এবং দুটি টয়োটা গাড়ি জব্দ করা হবে। এছাড়া মার্কেন্টাইল ব্যাংক, পূবালী ব্যাংক ও সোনালী ব্যাংকের ছয়টি হিসাব অবরুদ্ধ করা হয়েছে।

দুদকের আবেদনে উল্লেখ করা হয়, রেলপথ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার, পরস্পর যোগসাজশে ও অসৎ উদ্দেশ্যে ৭ কোটি ৩৯ লাখ ৪১ হাজার ৩৫১ টাকার জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগদখলে রেখেছেন আসামি। এই অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় ২০২৫ সালের ১৮ ফেব্রুয়ারি মামলা দায়ের করে দুদক।

মামলার তদন্তকালে রেকর্ডপত্র পর্যালোচনা করে দেখা গেছে, আসামির নামে থাকা সম্পদ অন্যত্র হস্তান্তর বা বেহাত করার চেষ্টা চলছে। মামলা নিষ্পত্তির আগে সম্পত্তি স্থানান্তর হলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে। বিষয়টি নিশ্চিত করে দুদকের আইনজীবী মোহাম্মদ তরিকুল ইসলাম মুক্তকণ্ঠকে বলেন, "দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই আদেশ দেন। ১ সেপ্টেম্বর আদেশ হয়।"