সুন্দরবনের শরণখোলা এলাকায় র‍্যাব-৬-এর বিশেষ অভিযানে ৩৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে উদ্ধারকৃত অস্ত্রগুলো শরণখোলা থানায় হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাগেরহাট জেলা পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের রিকাপদার।

মঙ্গলবার বিকেলে শরণখোলা থানার আওতাধীন সুন্দরবন হরিণটানা এলাকার শ্যাওলা নদীর তীরসংলগ্ন গড়াইল বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র পাওয়া যায়। র‍্যাব-৬ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অস্ত্রসদৃশ বস্তু পড়ে থাকার খবর পেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে একটি দল অভিযান চালায়। অভিযানকালে তিনটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে মোট ৩৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে দুটি বিদেশি শর্টগান, চারটি দেশীয় তৈরি পাইপগান এবং দেশীয় তৈরি পুরোনো ওয়ান শুটারগান। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে অস্ত্রগুলো স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাব-৬ জানিয়েছে।