নেপালের উত্তরাঞ্চলে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ। গতকাল বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারীর কাছে ১০ লাখ মার্কিন ডলার বা প্রায় ১২ কোটি ৩০ লাখ টাকার আর্থিক সহায়তা হস্তান্তর করেন। নেপাল সরকারের প্রধানমন্ত্রীর দুর্যোগ ত্রাণ তহবিলে এই অনুদান জমা দেওয়া হবে।

এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহকে লেখা প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি চিঠিও রাষ্ট্রদূতের নিকট হস্তান্তর করেন। সাম্প্রতিক সময়ে নেপালে সংঘটিত ভয়াবহ বন্যা ও ভূমিধসের পর চলমান ত্রাণ, পুনর্নির্মাণ ও মানবিক কার্যক্রমে সহযোগিতা নিশ্চিত করতেই বাংলাদেশ সরকার এ আর্থিক অনুদান প্রদান করেছে বলে জানা গেছে।

সম্প্রতি নেপালে এই মর্মান্তিক দুর্যোগে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। গত ২৬ আগস্ট মধ্যাঞ্চলীয় বাগমাতি প্রদেশের রসুয়া ও পার্শ্ববর্তী কয়েকটি জেলায় আকস্মিক বন্যা ও ভূমিধসের সূত্রপাত হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী, এ দুর্ঘটনায় অন্তত ১ হাজার ২২২ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং প্রায় ৪ হাজার ৮৭৫ জন এখনও নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের উদ্ধারে নিরাপত্তা বাহিনী ও আন্তর্জাতিক উদ্ধারকারী দলগুলো তৎপরতা অব্যাহত রেখেছে।

নেপালের প্রতি বাংলাদেশের ঐকান্তিক সহানুভূতি ও সহযোগিতার কথা তুলে ধরে গত ১ সেপ্টেম্বর ঢাকায় নেপাল দূতাবাসে খোলা শোক বইয়ে স্বাক্ষর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এর আগে গত ২৭ আগস্ট দেশের জাতীয় সংসদেও নেপালের এই মর্মান্তিক দুর্যোগে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় একটি শোক প্রস্তাব গৃহীত হয়েছিল।