ফেনীর দাগনভূঞা উপজেলায় ছেঁড়া বৈদ্যুতিক তার মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মাতুভূঞা ইউনিয়নের রামানন্দপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম আরাফাত হোসেন। তিনি রামানন্দপুর গ্রামের মাঝি বাড়ির বাসিন্দা জালাল উদ্দিনের বড় ছেলে।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, বাড়ির রান্নাঘরের মিটার থেকে বসতঘরে বৈদ্যুতিক সংযোগ দেওয়া ছিল। বৃহস্পতিবার বৃষ্টির কারণে সংযোগকারী তারটি ছিঁড়ে যায়। গোসল শেষে ঘরে ফেরার পর আরাফাতের মা তাকে ছিঁড়ে যাওয়া তারটি ঠিক করে দিতে বলেন। মায়ের কথা শুনে তারটি সংশোধন করতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই মারা যান।
এ বিষয়ে জানতে চাইলে দাগনভূঞা থানার ওসি ফয়জুল আজিম নোমান মুক্তকণ্ঠকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।