রাজবাড়ী জেলার গোয়ালন্দ ও সদর উপজেলায় বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) পৃথক স্থান থেকে দুই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে একজনের পরিচয় শনাক্ত হলেও অন্যজনের পরিচয় এখনও অজ্ঞাত রয়েছে।
গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আইনদ্দীন প্রামাণিক পাড়ার একটি আখক্ষেত থেকে নবীরন বেগম (৫৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার দুলাল বেপারী পাড়ার আব্দুর রহিম শেখের স্ত্রী। গোয়ালন্দ ঘাট থানা-পুলিশ জানায়, নবীরন বেগমের মৃত্যুর পর পরিবারের পক্ষ থেকে প্রথমে দাবি করা হয়েছিল তিনি স্ট্রোক করে মারা গেছেন। তবে পরবর্তী সময়ে বিভিন্ন মাধ্যমে তার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর তথ্য পাওয়া যায়। বিষয়টি নিয়ে সন্দেহ তৈরি হওয়ায় পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠায়। গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নবীরন বেগমের মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
একই দিন সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের বড়নুরপুর গ্রামের একটি পুকুরপাড় থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের খবরের ভিত্তিতে বেলা ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পুলিশের ধারণা, নিহত নারীর বয়স আনুমানিক ২৫ বছর। রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারীকে অন্য কোনো স্থানে হত্যা করে মরদেহটি এখানে এনে ফেলে রাখা হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া মৃত্যুর নিশ্চিত কারণ বলা যাচ্ছে না। তিনি আরও জানান, নিহত নারীর পরিচয় শনাক্ত এবং ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে.