রাষ্ট্রীয় সংস্কার ও গণদাবি আদায়ের লক্ষ্যে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত লংমার্চ এবং চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘী ময়দানে মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম মহানগর জামায়াতের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচির আনুষ্ঠানিক ঘোষণা দেন সংগঠনটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান।

সংবাদ সম্মেলনে মুহাম্মদ শাহজাহান বলেন, 'জনগণের ন্যায্য দাবি আদায় ও রাষ্ট্রীয় ব্যবস্থার কাঙ্ক্ষিত সংস্কারের লক্ষ্যেই এই রাজপথের কর্মসূচি। লংমার্চের মাধ্যমে জনগণের অধিকার রক্ষা ও রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে।'

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ৫ সেপ্টেম্বর সকাল ৭টায় ঢাকার শাপলা চত্বর থেকে লংমার্চ শুরু হবে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ধরে অগ্রসর হওয়ার পথে একাধিক গুরুত্বপূর্ণ পয়েন্টে সংক্ষিপ্ত পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হবে। পরে চট্টগ্রামে পৌঁছে লালদিঘী ময়দানে সমাপনী মহাসমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হবে।

সংবাদ সম্মেলনে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে ৬ দফা মূল দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—গণভোটের মাধ্যমে প্রাপ্ত গণরায় দ্রুত বাস্তবায়ন, জুলাই গণহত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার নিশ্চিতকরণ, বিদ্যুৎ–জ্বালানি তেল–গ্যাস ও সার সংকটের টেকসই নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারমূল্য নিয়ন্ত্রণ, দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং প্রশাসনসহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে সংকীর্ণ দলীয়করণ বন্ধ করা।

সংবাদ সম্মেলনে সংগঠনের স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। লংমার্চ ও মহাসমাবেশ সফল করতে দেশবাসীকে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানান তারা।