নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাতটি হত্যা মামলাসহ মোট ২৬টি মামলার পলাতক আসামি ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কালাই সবুজকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) রাতে ঢাকার ডেমরা থানার কোনাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এই সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন জব্দ করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রূপগঞ্জের রূপসী এলাকা থেকে তার সহযোগী এজাজুল হককেও গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, গত চার মাস ধরে গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্নভাবে তথ্য সংগ্রহ ও নজরদারি চালানোর পর ডেমরার কোনাপাড়া এলাকায় সবুজের অবস্থান নিশ্চিত হয়। একপর্যায়ে রূপগঞ্জ থানা পুলিশের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে তাকে আটক করে। গ্রেপ্তার সবুজ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের ব্রাহ্মণগাঁও এলাকার কালাইয়ের ছেলে। অন্যদিকে, গ্রেপ্তার সহযোগী এজাজুল হক ভুলতা ইউনিয়নের মৃত শাহাদাতের ছেলে।

রূপগঞ্জ থানায় সবুজের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, ছিনতাই, অপহরণ, চাঁদাবাজি ও মুক্তিপণ আদায়সহ মোট ২৬টি মামলা রয়েছে। এর মধ্যে ২০১১ সালের ৫ নভেম্বর মাছিমপুর এলাকায় মাদক ও সন্ত্রাস বিরোধী প্রতিবাদ করায় জালালউদ্দিনের ছেলে নজরুল ইসলাম বাবুকে কুপিয়ে ও গুলি করে হত্যার ঘটনাটি উল্লেখযোগ্য। ওই মামলায় ২০২৫ সালের ৪ সেপ্টেম্বর তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া আরও দুটি মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে বলে পুলিশ জানিয়েছে। দীর্ঘদিন ধরে পলাতক থেকে তিনি বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন বলে পুলিশের দাবি।

অস্ত্র উদ্ধারের ঘটনায় ডেমরা থানায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। যেহেতু অভিযান ডেমরা থানা এলাকায় পরিচালিত হয়েছিল, তাই ওই মামলায় ডেমরা থানা পুলিশ তাকে প্রথমে আদালতে পাঠাবে। এরপর রূপগঞ্জ থানায় থাকা অন্যান্য মামলাগুলোতে আইনগত প্রক্রিয়া অনুযায়ী পর্যায়ক্রমে তাকে গ্রেপ্তার দেখানো হবে।

বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, "আমরা সবুজকে গ্রেপ্তার করেছি এবং তার সহযোগী আরেকজনকেও গ্রেপ্তার করেছি। সবুজের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। অস্ত্রটি যেহেতু আমাদের অভিযানের সময় ডেমরা থানা এলাকায় উদ্ধার হয়েছে, এজন্য ডেমরা থানায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা হয়েছে। ওই মামলায় ডেমরা থানা পুলিশ তাকে আদালতে পাঠাবে। রূপগঞ্জ থানায় সবুজের বিরুদ্ধে মোট ২৬টি মামলা রয়েছে। এর মধ্যে অনেক মামলায় সে পলাতক আসামি হিসেবে রয়েছে। একটি মামলায় সে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং তার বিরুদ্ধে একটি ওয়ারেন্ট রয়েছে। পাশাপাশি আরও দুটি মামলায় ওয়ারেন্ট আছে। এসব মামলায় আমরা পর্যায়ক্রমে তাকে গ্রেপ্তার দেখাব। তার বিরুদ্ধে কয়েকটি হত্যা মামলা ছাড়াও ডাকাতি, ছিনতাই, অপহরণ, চাঁদাবাজি ও মুক্তিপণ আদায়ের মতো গুরুতর অভিযোগের মামলা রয়েছে। এগুলো বড় ধরনের মামলা, তার কোনো ছোট মামলা নেই। আপাতত ডেমরা থানার অস্ত্র মামলায় তাকে আদালতে পাঠানো হবে। এরপর রূপগঞ্জ থানায় থাকা মামলাগুলোতে আইনগত প্রক্রিয়া অনুযায়ী তাকে পর্যায়ক্রমে গ্রেপ্তার দেখানো হবে।"