কম্বোডিয়ায় সাইবার স্কাম কম্পাউন্ডে আটক অবস্থায় থাকা আরও ৩৮ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে থাই এয়ারওয়েজের টিজি-৩২১ ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

বিমানবন্দরে পৌঁছানোর পর ইমিগ্রেশন ও অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তারা তাদের নানা বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। বিমানবন্দরের বিশ্বস্ত একটি সূত্র মুক্তকণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছে।

ভুক্তভোগীদের অভিযোগ, কম্বোডিয়ায় অবস্থানরত কিছু বাংলাদেশি মানবপাচারকারী তাদের দেশে ফেরার পথে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন, চাপ প্রয়োগ এবং দেশে ফেরত না যাওয়ার জন্য নানা ধরনের চেষ্টা করেছেন। স্কাম কম্পাউন্ডে তাদের আটকে রেখে প্রতারণামূলক সাইবার কার্যক্রমে যুক্ত হতে বাধ্য করা হয়েছিল। তাদের মধ্যে কয়েকজন মানবপাচারকারীদের বিরুদ্ধে মামলা করতে চান বলে জানান।