মোমো প্রেমীদের জন্য দারুণ খবর। ঘরেই বানিয়ে ফেলা যায় মুখরোচক চিলি গার্লিক মোমো। রেসিপি দিয়েছেন সেলিনা আক্তার। প্রথমে ডো তৈরির জন্য ১ কাপ ময়দা, ১/৪ কাপ কর্নফ্লাওয়ার ও ১/৪ চা-চামচ লবণ একসঙ্গে মিশিয়ে নিন। এরপর অল্প অল্প পানি দিয়ে নরম ও মসৃণ ডো তৈরি করুন। শেষে ১ চা-চামচ তেল মাখিয়ে ২০ মিনিট ঢেকে রেখে দিন। পুর তৈরির জন্য ১ কাপ মুরগির কিমা, ২ কাপ মিহি কুচি করা বিভিন্ন সবজি, ১/২ কাপ স্প্রিং অনিয়ন কুচি, ১ চা-চামচ আদা বাটা, ১ চা-চামচ রসুন বাটা, ১ চা-চামচ কাঁচা মরিচ কুচি, ১ টেবিল চামচ সয়া সস, ১/২ চা-চামচ গোলমরিচ গুঁড়া, ১ টেবিল চামচ গলানো মাখন ও স্বাদমতো লবণ একসঙ্গে ভালো করে মেখে নিন। এবার ডো থেকে ছোট ছোট লেচি কেটে বেলে নিন। তার মধ্যে পুর ভরে মোমোর আকার দিন। মোমোগুলো প্যান ফ্রাই করুন অথবা স্টিম করুন। চিলি গার্লিক সসের জন্য ১ টেবিল চামচ তেলে ১ টেবিল চামচ রসুন কুচি ভেজে নিন। তারপর ১ চা-চামচ চিলি ফ্লেক্স, ১/২ চা-চামচ সিচুয়ান পেপার, ১ টেবিল চামচ সয়া সস, ২ টেবিল চামচ চিলি সস ও ১/২ চা-চামচ ভিনেগার দিন। এবার আগে থেকে ভাপানো মোমোগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করুন। নামিয়ে গরম গরম পরিবেশন করুন সাদা তিল ও পেঁয়াজ কলি ছড়িয়ে।