রাজধানীর ইউনাইটেড মেডিকেল কলেজ ও কন্টিনেন্টাল হাসপাতালের চর্মরোগ বিশেষজ্ঞ ও সহকারী অধ্যাপক ডা. সিনথিয়া আলম জানান, মাথার ত্বক থেকে সাদাটে, ধূসর বা হলদে কণা ঝরে পড়া সবসময় খুশকি নয়। বরং এটি ‘স্ক্যাল্প বিল্ডআপ’ বা মাথার ত্বকে অতিরিক্ত জমাট বাঁধা ময়লার লক্ষণ হতে পারে। এই বিষয়ে কথা বলেছেন রাফিয়া আলম।
সহজ কথায়, মাথার ত্বকে প্রাকৃতিক নিঃসরণ সিবাম, ঘাম, মৃতকোষ বা চুলের যত্নের জন্য ব্যবহৃত বিভিন্ন উপকরণ জমে গেলে তাকে স্ক্যাল্প বিল্ডআপ বলে। এটি কোনো রোগ নয়, তবে অস্বস্তিকর একটি সমস্যা। নিয়মিত পরিষ্কার না করলে সিবাম তেলতেলে হয়ে জমে থাকে। একইসাথে তেল, ড্রাই শ্যাম্পু, জেল, কন্ডিশনার বা চুল সাজানোর স্প্রে-র অবশিষ্টাংশও ত্বকে জমে যেতে পারে।
এর ফলে মাথার ত্বকে চিটচিটে ভাব, সাদা বা হলদে কণা ও চামড়ার মতো আবরণ ঝরা এবং চুলকানি দেখা দিতে পারে। তবে এসব লক্ষণ দেখা মাত্রই স্ক্যাল্প বিল্ডআপ ধরে নেওয়া উচিত নয়। মোটা আঁশের মতো কিছু ঝরে পড়া বা ত্বকের নির্দিষ্ট স্থানে সমস্যা থাকলে এর পেছনে অন্য কোনো কারণ কাজ করতে পারে।
সমাধান না করলে জটিলতা বাড়তে পারে। ত্বকে জীবাণু সংক্রমণের ঝুঁকি বেড়ে যায় এবং একপর্যায়ে চুল পড়া শুরু হতে পারে। তাই উপসর্গ দেখা দিলে ত্বকের পরিচ্ছন্নতার প্রতি বিশেষ নজর দেওয়া জরুরি।
ডা. সিনথিয়া আলমের পরামর্শ অনুযায়ী, মাথার ত্বক ও চুলের ধরন বুঝে নিয়মিত শ্যাম্পু করা উচিত। গভীর পরিচ্ছন্নতাকারী বা ক্ল্যারিফাইং শ্যাম্পু এই ক্ষেত্রে বেশ কার্যকর। চুল নিয়মিত আঁচড়ানো ভালো। কিছুদিন তেল ব্যবহারে বিরতি নেওয়া বা চিটচিটে নয় এমন তেল বেছে নেয়া যেতে পারে। জেল বা স্প্রে-র ব্যবহার কমানো উচিত। মাথা ঘেমে গেলে মুছে ফেলা এবং বাড়ি ফিরে গোসল করা জরুরি। দীর্ঘক্ষণ মাথা ঢেকে রাখলে বাতাস চলাচলের সুযোগ না থাকায় ঘাম জমে; তাই কাজের বিরতিতে ছোট ফ্যান ব্যবহার করে ত্বকে বাতাস দেওয়া যেতে পারে। কন্ডিশনার কেবল চুলে লাগাতে হবে, ত্বকে নয়। জমে থাকা অংশ নখ দিয়ে ঘষে বা টেনে তোলার চেষ্টা করা উচিত নয়। এছাড়া সারা রাত তেল রেখে ঘুমানো বা লম্বা সময় মাথা ঢেকে রাখা থেকে বিরত থাকা উচিত।
যদি মাথার ত্বকে ব্যথা বা প্রচণ্ড চুলকানি হয়, ত্বক লালচে হয়ে যায়, নির্দিষ্ট অংশ থেকে চুল পড়ে বা দীর্ঘদিন সতর্কতা মেনে চলার পরও সমস্যা কমতে না থাকে, তবে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। সেবোরিক ডার্মাটাইটিস, সাধারণ খুশকি বা সোরিয়াসিসের মতো রোগেও অনুরূপ লক্ষণ দেখা দিতে পারে। তাই বিষয়টিকে ছোটখাটো ভেবে অবহেলা করা উচিত নয়।