বিএনপির সাবেক কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু বলেছেন, আওয়ামী লীগ ও বিএনপির রাজনৈতিক দূরদর্শিতার অভাবের কারণে জামায়াতে ইসলামী দিন দিন শক্তিশালী হচ্ছে। সম্প্রতি মুক্তকণ্ঠের আলাপন ধারাবাহিক অনুষ্ঠানে একান্তে কথা বলতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

টিপু জানান, দেশের দুই প্রধান রাজনৈতিক দলের মধ্যে ভুল বোঝাবুঝি ও দূরদর্শিতার ঘাটতি তৃতীয় পক্ষকে সুযোগ দেয়। ফলে জামায়াতে ইসলামী রাজনৈতিকভাবে লাভবান হয়ে নিজের শক্তি বৃদ্ধি করছে। তিনি বলেন, জামায়াতে ইসলামীর বেশ কয়েক ধরনের রাজনৈতিক কৌশল রয়েছে। রাজনৈতিক স্বার্থ হাসিলের লক্ষ্যে দলটির ছদ্মবেশী রাজনৈতিক শাখা ও কর্মীরা সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে ছড়িয়ে আছে। এমনকি প্রশাসনের বিভিন্ন স্তরেও তারা ছদ্মবেশে অবস্থান করছে।

জামায়াতের বাড়তে থাকা প্রভাব মোকাবিলা করতে হলে রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে এগোতে হবে বলে মনে করেন বিএনপির এই সাবেক নেতা। শুধুমাত্র সরকারি উন্নয়ন বা ফাঁকা বচসায় এর বিরুদ্ধে লড়াই করা সম্ভব নয়। তাঁর মতে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ তৃণমূলের মানুষের কাছে সঠিকভাবে পৌঁছে দিতে পারলেই জামায়াতের রাজনৈতিক অগ্রযাত্রা মোকাবিলা করা সম্ভব।