সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় সাড়ে পাঁচ মাস চিকিৎসা শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস বুধবার রাষ্ট্রে ফিরেছেন। রাত সোয়া নয়টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তাঁর স্ত্রী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসও একই ফ্লাইটে দেশে ফিরেন।

বিমানবন্দরে বিএনপির বিপুলসংখ্যক নেতা-কর্মীরা আগে থেকেই অপেক্ষা করছিলেন। বিমানবন্দর থেকে বেরিয়ে আসার সময় তারা স্লোগান দিয়ে তাঁকে স্বাগত জানান।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, চিকিৎসার দায়িত্বে থাকা মেডিক্যাল বোর্ডের অনুমতি পাওয়ার পর মির্জা আব্বাস দেশে ফেরেন। দীর্ঘ চিকিৎসায় তাঁর শারীরিক অবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে। তবে দেশে ফেরার পরেও তাঁকে চিকিৎসার মধ্যে থাকতে হবে এবং প্রতিদিন থেরাপি নিতে হবে।

গত ১১ মার্চ রাজধানীর শাহজাহানপুরের বাসায় ইফতারের সময় হঠাৎ জ্ঞান হারান মির্জা আব্বাস। ওই দিন গভীর রাতে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে ১৩ মার্চ মস্তিষ্কে দুই দফায় অস্ত্রোপচার করা হয়। উন্নত চিকিৎসার জন্য ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ১৩ এপ্রিল পর্যন্ত চিকিৎসা চললেও চিকিৎসকদের পরামর্শে ১৪ এপ্রিল মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিক্যাল সেন্টারে ভর্তি করা হয়। পরবর্তীতে সেখানে বিশেষায়িত পুনর্বাসনকেন্দ্রে নিয়মিত ফিজিওথেরাপি নেন তিনি।