জাতিসংঘের ইয়ুথ টাউন হল ২০২৬ আগামী ৮ থেকে ১০ ডিসেম্বর জার্মানির হাইডেলবার্গে অনুষ্ঠিত হবে। এই আন্তর্জাতিক আয়োজনে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের এক হাজারের বেশি তরুণ অংশ নেবেন বলে জানা গেছে।

জাতিসংঘের ইয়ুথ অফিস ও তাদের অংশীদারদের উদ্যোগে এ টাউন হলের আয়োজন করা হচ্ছে। অনুষ্ঠানে তরুণদের পাশাপাশি বিভিন্ন দেশের সরকার, জাতিসংঘ, নাগরিক সমাজ, শিক্ষাবিদ, বেসরকারি খাত ও অন্যান্য অংশীজন উপস্থিত থাকবেন। বড় পরিসরের আলোচনা, ফায়ারসাইড চ্যাট, গোলটেবিল বৈঠক ও ছোট দলের আলোচনার মাধ্যমে বিভিন্ন প্রজন্ম ও খাতের নীতিনির্ধারকদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পাবেন অংশগ্রহণকারীরা।

১৮ থেকে ৩৫ বছর বয়সী বাংলাদেশি তরুণরা এই আয়োজনে অংশ নিতে পারবেন। আবেদনের প্রধান শর্ত হিসেবে ইংরেজি ভাষায় স্বাচ্ছন্দ্যে যোগাযোগ করার দক্ষতা ও নেতৃত্বের অভিজ্ঞতা রয়েছে। আবেদনকারীকে অবশ্যই স্থানীয়, জাতীয়, আঞ্চলিক বা আন্তর্জাতিক পর্যায়ে তরুণ নেতৃত্বে পরিচালিত উদ্যোগ, প্রকল্প, সংগঠন, আন্দোলন বা কার্যক্রমে যুক্ত থাকার অভিজ্ঞতা প্রমাণ করতে হবে। তরুণ নেতৃত্ব, অ্যাডভোকেসি, স্বেচ্ছাসেবা, তৃণমূল পর্যায়ের সংগঠন বা উদ্যোগের সঙ্গে কাজের অভিজ্ঞতাকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এ ছাড়া টেকসই উন্নয়ন, মানবাধিকার, শান্তি ও নিরাপত্তা এবং আন্তপ্রজন্মীয় সহযোগিতার ক্ষেত্রে সংশ্লিষ্ট অভিজ্ঞতা থাকলে তা বিবেচনায় নেওয়া হবে। আবেদনকারীকে ৮ থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত পুরো আয়োজন এবং এর আগে নির্ধারিত প্রস্তুতিমূলক সভাগুলোতে অংশ নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে।

আয়োজনে অংশ নিতে সীমিতসংখ্যক তরুণকে ভ্রমণ ও অন্যান্য খরচে অর্থসহায়তা দেওয়া হবে। নির্বাচিত প্রার্থীরা নিজ দেশের বাসস্থান থেকে জার্মানির অনুষ্ঠানস্থল পর্যন্ত যাওয়া-আসার বিমান টিকিটের খরচ পেতে পারেন। যাতায়াতের জন্য নির্ধারিত জাতিসংঘের হারে টার্মিনাল খরচ এবং ভ্রমণের সময় দৈনিক ভাতা দেওয়ার ব্যবস্থা রয়েছে। ভিসা ফি পরিশোধের পর রসিদ জমা দিলে তা ফেরত দেওয়ার সুযোগ থাকবে। প্রতিবন্ধী তরুণদের জন্য প্রয়োজনীয় যৌক্তিক আবাসনের সহায়তাও প্রদান করা হবে।

আবেদন করতে নির্দিষ্ট লিংকে যোগাযোগ করতে হবে। আবেদনের শেষ সময় ৭ সেপ্টেম্বর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট (ইস্টার্ন টাইম)। বিস্তারিত তথ্যের জন্য সংশ্লিষ্ট ওয়েবসাইট দেখা যেতে পারে। তথ্যসূত্র: অপরচুনিটি সার্কেল।