দেশের শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর একটি সমন্বিত তালিকা তৈরি করে জরুরি ভিত্তিতে শিক্ষা মন্ত্রণালয়ে জমা দিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে (মাউশি) নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
বুধবার (২ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের এই নির্দেশনার পরিপ্রেক্ষিতে মাউশি বিষয়টি সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে। মাউশির সহকারী পরিচালক-২ কামরুন্নাহার রীমা স্বাক্ষরিত ওই আদেশে দেশের সকল আঞ্চলিক পরিচালক ও উপপরিচালকদের (বিদ্যালয় ও পরিদর্শন শাখা) কাছে তাদের অধীনস্থ শতবর্ষী স্কুল ও কলেজের তালিকা আহ্বান জানানো হয়েছে। নির্ধারিত ছকে ‘নিকোশব্যান’ ফন্টে আগামী দুই কর্মদিবসের মধ্যে নির্দিষ্ট ই-মেইলে তথ্য পাঠাতে বলা হয়েছে। উক্ত ছকে প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা, ইআইআইএন নম্বর, প্রতিষ্ঠার তারিখসহ প্রতিষ্ঠানপ্রধানের নাম ও মোবাইল নম্বর অন্তর্ভুক্ত করতে হবে।
এর পূর্বে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি কলেজ-৬ শাখার সিনিয়র সহকারী সচিব মনজুরুল আলমের সই করা একটি চিঠির মাধ্যমেও শতবর্ষী স্কুল ও কলেজ সংক্রান্ত সরকারের নতুন নির্দেশনা জানানো হয়েছিল। ওই চিঠিতে তালিকা প্রস্তুত করে মাউশির মহাপরিচালকের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছিল।