নর্থ সাউথ ইউনিভার্সিটি বাস্কেটবল লিগ (এনবিএল) ২০২৬-এর প্রথম আসর গত ২৯ আগস্ট সমাপ্ত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইনডোর গ্রাউন্ডে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের পুরুষ, নারী ও সমন্বিত বিভাগে যথাক্রমে ওল্ড বিটস, র্যাপ্টরস ও ম্যাড দল শিরোপা জয় করে।
নর্থ সাউথ ইউনিভার্সিটি গেমস অ্যান্ড স্পোর্টস ক্লাব (এনএসইউএসসি)-এর আয়োজনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক বিভাগের শিক্ষার্থী ও বাস্কেটবলপ্রেমীরা এতে অংশ নেন। খেলাধুলার সংস্কৃতি প্রসারে ও বাস্কেটবলের জনপ্রিয়তা বাড়ানোই ছিল আয়োজনের মূল উদ্দেশ্য। তিন বনাম তিন ফরম্যাটে হাফ কোর্টে ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। পুরুষ বিভাগে আটটি দল দুটি গ্রুপে ভাগ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে; গ্রুপ পর্বের পর সেরা চার দল সেমিফাইনালে উঠলেও শেষ পর্যন্ত ওল্ড বিটস চ্যাম্পিয়ন এবং রিভেন ডেল রানার্সআপ হয়। নারী বিভাগে চারটি দল অংশ নেয়, যেখানে গ্রুপ পর্বের পর সেরা দুটি দল ফাইনালে ওঠে। ফাইনালে র্যাপ্টরস শিরোপা জয় করলে পান্ডা স্কোয়াড রানার্সআপ হয়। সমন্বিত বিভাগে তিনটি গ্রুপে তিনটি করে দল খেলে; গ্রুপ পর্বের পর তিন গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা রানার্সআপ দল সেমিতে স্থান পায়। সেমিফাইনালের পর ম্যাড চ্যাম্পিয়ন ও ওল্ডিজ রানার্সআপ হয়।
ব্যক্তিগত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে পুরুষ ও সমন্বিত বিভাগে আবদুল্লাহ আল জাওয়াদ হোসাইন এবং নারী বিভাগে সামিহা আরমান টুর্নামেন্ট-সেরা নির্বাচিত হন। সমাপনী অনুষ্ঠানে রেফারি মিজানুর রহমান ও মো. জামিল আহমেদকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। বসুন্ধরা স্পোর্টস সিটির প্রতিনিধিদেরও সম্মাননা জানানো হয়। নর্থ সাউথ ইউনিভার্সিটি আন্তব্যাচ ফুটবল ২০২৬ ও ক্রিকেট ২০২৬ আয়োজনে মূল্যবান সহযোগিতার জন্য মেজর মহসিনুল করিম (অব.), সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর, বসুন্ধরা স্পোর্টস সিটি ও মাসুদুর রহমান মান্না, প্রধান, অপারেশনস, বসুন্ধরা স্পোর্টস সিটিকে সম্মাননা দেওয়া হয়। অনুপস্থিতির কারণে তাদের পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করেন যথাক্রমে মো. শৈশব কবির বন্ধন, সহকারী নির্বাহী, মার্কেটিং এবং সৈয়দ হুমায়ুন আহমেদ, মার্কেটিং ম্যানেজার, বসুন্ধরা স্পোর্টস সিটি।
টুর্নামেন্টের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হয় ২৭ আগস্ট ক্যাম্পাস প্রাঙ্গণে নিবন্ধন কার্যক্রমের মধ্য দিয়ে।