ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য নির্বাচনী বা টেস্ট পরীক্ষার তারিখ ঘোষণা করেছে। আগামী ১৫ অক্টোবর থেকে শুরু হয়ে ১৫ নভেম্বর ২০২৬ পর্যন্ত চলবে এই পরীক্ষা। একই সময়ে ফলও প্রকাশিত হবে।
গতকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) জারি করা এক বিজ্ঞপ্তিতে বোর্ড জানিয়েছে, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা-এর আওতাধীন মাধ্যমিক পর্যায়ের সকল প্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্ট সকলের কাছে এ বিষয়টি অবহিত করা হচ্ছে। ২০২৭ খ্রিষ্টাব্দের এসএসসি পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা আগামী ১৫ অক্টোবর থেকে ১৫ নভেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে এবং ফল প্রকাশ করতে হবে।
এর আগেই এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু হবে আগামী ১৬ নভেম্বর থেকে। ফরম পূরণের বিস্তারিত সময়সূচিসহ পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি যথাসময়ে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।