বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ২০২৭ সালের দাখিল ও আলিম পরীক্ষার খাতা নির্ভুলভাবে মূল্যায়ন নিশ্চিত করতে সকল মাদ্রাসার অধ্যক্ষ ও সুপারদের নিকট জরুরি নির্দেশনা জারি করেছে। বুধবার (২ সেপ্টেম্বর) বোর্ড থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী বছরের পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের জন্য নির্ভুল ডাটাবেইজ গঠনের লক্ষ্যে প্রতিষ্ঠানের শিক্ষক তালিকা আপডেট করা বাধ্যতামূলক। যেসব শিক্ষক অবসর গ্রহণ করেছেন, মৃত্যু বরণ করেছেন, অন্যত্র বদলি হয়েছেন, স্বেচ্ছায় চাকুরি ছেড়ে দিয়েছেন, বোর্ডের কালো তালিকাভুক্ত হয়েছেন অথবা খন্ডকালীন শিক্ষক হিসেবে কাজ করছেন—তাদের নাম তালিকা থেকে বাদ দিয়ে eTIF সংশোধন করতে বোর্ড বিশেষভাবে অনুরোধ জানিয়েছে।

বোর্ড সতর্ক করে দিয়েছে, eTIF তথ্য সংশোধন না করলে উত্তরপত্র মূল্যায়নে প্রধান পরীক্ষক ও সাধারণ পরীক্ষক নিয়োগে জটিলতা দেখা দিতে পারে। বোর্ডের পক্ষ থেকে এ ক্ষেত্রে ভবিষ্যতে কোনো সুযোগ দেওয়া হবে না বলে স্পষ্ট করা হয়েছে।

তাঁই এখনো eTIF-এ যুক্ত হওয়া শিক্ষকদের তথ্য জরুরি ভিত্তিতে সংযুক্ত করতে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে অধ্যক্ষ ও সুপারদের নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।