চলতি ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ ও আলিম শ্রেণিতে অনলাইন ভর্তি আবেদনের কার্যক্রম আজ বুধবার (২ সেপ্টেম্বর) শুরু হয়েছে। শিক্ষার্থীরা সর্বোচ্চ ১০টি প্রতিষ্ঠানে পছন্দক্রম দিতে পারবেন। তবে ভর্তি নীতিমালা অনুযায়ী, অনুমোদন বা স্বীকৃতিহীন অনেক কলেজে শিক্ষার্থী ভর্তি করা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়।

গত ২৪ আগস্ট প্রকাশিত চূড়ান্ত নীতিমালায় এই কড়া বিধিনিষেধের বিস্তারিত উল্লেখ রয়েছে। প্রতারণা রোধে নীতিমালায় সুনির্দিষ্ট কারণ দেখিয়ে ভর্তি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অনুমোদন বা অফিশিয়াল স্বীকৃতিহীন কোনো প্রতিষ্ঠানে ভর্তি করা যাবে না। কেবল স্থাপনের অনুমতি পেয়েও পাঠদানের প্রাথমিক অনুমতি না থাকলে সেই কলেজও শিক্ষার্থী ভর্তি করতে পারবে না। পাঠদানের অনুমোদনপ্রাপ্ত কলেজগুলো তাদের মূল ক্যাম্পাসের বাইরে অন্য কোনো ভুয়া বা অবৈধ শাখায় ভর্তি নিতে পারবে না। এ ছাড়া শিক্ষাবোর্ড বা মন্ত্রণালয় কর্তৃক অনুমোদনহীন কোনো বিষয়, বিভাগ বা গ্রুপেও ভর্তি গ্রহণ করা যাবে না।

নীতিমালা লঙ্ঘনের ক্ষেত্রে সংশ্লিষ্ট কলেজের বিরুদ্ধে কঠোর আইনানুগ ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বেসরকারি কলেজের ক্ষেত্রে শর্ত ভঙ্গ করলে পাঠদানের অনুমতি, স্থায়ী স্বীকৃতি এবং এমপিও সুবিধা বাতিল করা হবে। সরকারি কলেজের ক্ষেত্রে অনিয়মে জড়িত প্রতিষ্ঠান বা কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে সরকারি চাকরি বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

আবেদনের আগে অফিশিয়াল ওয়েবসাইট (xiclassadmission.gov.bd)-এ তালিকাভুক্ত অনুমোদিত কলেজগুলোর কোড নম্বর যাচাই করে পছন্দক্রম সাজানোর পরামর্শ দেওয়া হয়েছে। সরকারি ও বেসরকারি কলেজে আগামী ১০ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত আবেদন করা যাবে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২২০ টাকা। শিক্ষার্থীর মেধা, প্রযোজ্য ক্ষেত্রে কোটা এবং পছন্দক্রমের ভিত্তিতে একটি প্রতিষ্ঠানে ভর্তির জন্য তার অবস্থান নির্ধারণ করা হবে। প্রথম ধাপের ফল ১৭ সেপ্টেম্বর রাত ৮টায় প্রকাশিত হবে। ভর্তি নিশ্চায়ন ও পরবর্তী কার্যক্রম ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর চলবে। কলেজে ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে ২০ থেকে ২২ সেপ্টেম্বর। ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।