প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫–এর ফলাফলের ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের জন্য নতুন হারে বৃত্তির অর্থ নির্ধারণ করেছে। আগামী তিন বছর এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। ২৫ আগস্টের প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে পরবর্তী তিন বছর মেয়াদে ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তি প্রদান করা হবে।

নতুন হার অনুযায়ী, ট্যালেন্টপুলে নির্বাচিত শিক্ষার্থীরা মাসে ৩০০ টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্তরা মাসে ২২৫ টাকা করে পাবেন। এ ছাড়া উভয় শ্রেণির শিক্ষার্থীরা বছরে এককালীন ২২৫ টাকা করে পাবেন। বৃত্তির অর্থ প্রদানের শর্তাবলিও প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয়েছে। সদাচরণ, বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি ও সন্তোষজনক পাঠোন্নতির ভিত্তিতে বৃত্তির অর্থ দেওয়া হবে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা দেশের যেকোনো সরকারি বা স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে বিনা বেতনে ভর্তির সুযোগ পাবেন।

বৃত্তির অর্থ সরাসরি শিক্ষার্থীদের ব্যাংক হিসাবে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। ব্যক্তি বা জি–টু–পি পদ্ধতিতে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) এর মাধ্যমে অর্থ প্রদান করা হবে। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের অভিভাবকদের অনলাইন সুবিধাসম্পন্ন তফসিলভুক্ত ব্যাংকে হিসাব খুলতে হবে। বরাদ্দকৃত অর্থের বিল প্রতিবছরের ৩০ জুন পর্যন্ত উত্তোলন করতে হবে। ফলাফল বা তালিকায় কোনো ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন, বাতিল বা পুনর্বণ্টনের ক্ষমতা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সংরক্ষণ করবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।