জাতীয় মেরিটাইম মুট কোর্ট প্রতিযোগিতায় রাজশাহী বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ। 'BMU–BSIL 1st National Maritime Moot Court Competition 2026'-এ মোট ৪১টি দলকে পেছনে ফেলে শিরোপা জিতেছে এই বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দল।
গত ২১ ও ২২ আগস্ট বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব মেরিটাইম গভর্ন্যান্স অ্যান্ড পলিসির ডিপার্টমেন্ট অব মেরিটাইম ল অ্যান্ড পলিসি এবং বাংলাদেশ সোসাইটি অব ইন্টারন্যাশনাল ল যৌথভাবে এই আয়োজন করে। উল্লেখ্য, মেরিটাইম আইনের ওপর ভিত্তি করে বাংলাদেশে এটিই প্রথম জাতীয় পর্যায়ের মুট কোর্ট প্রতিযোগিতা।
প্রতিযোগিতায় দেশের ৩৩টি বিশ্ববিদ্যালয় থেকে মোট ৪২টি দল অংশ নেয়। বিভিন্ন ধাপের মাধ্যমে আইন শিক্ষার্থীদের আইনি বিশ্লেষণ, গবেষণা এবং যুক্তি উপস্থাপনের দক্ষতা যাচাই করা হয়।
ফাইনাল রাউন্ডের বিচারক প্যানেলে ছিলেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি সিকদার মাহমুদুর রাজী, জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং ইনস্টিটিউটের প্রশাসন বিভাগের পরিচালক ও সিনিয়র জেলা ও দায়রা জজ এ ই এম ইসমাইল হোসাইন এবং জেলা ও দায়রা জজ মাসরুর সালেকিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আনীক আর হক। এছাড়া অনুষ্ঠানে বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রিয়ার অ্যাডমিরাল খন্দকার আখতার হোসেন উপস্থিত ছিলেন।
চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের দলে ওরালিস্ট হিসেবে ছিলেন মেহেরুন ইসলাম পায়েল ও নুসরাত জাহান তোহা এবং গবেষক হিসেবে ছিলেন রাইয়ান শিকদার। দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন সানজিদা হায়দার সুহা।
শিরোপা জয়ের পাশাপাশি মেমোরিয়াল রাউন্ডে পঞ্চম স্থান অর্জন করেছে নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ। অন্যদিকে, প্রতিযোগিতায় রানারআপ হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়।