ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার্থে রাজধানীর ছয়টি রুটে ১৮টি এসি বাস চালু করেছে। গতকাল বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এই বাস সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হাসান মাহমুদ রাজা। বিশেষ অতিথি ছিলেন একই বোর্ডের যুগ্ম সাধারণ সম্পাদক মইনুদ্দীন হাসান রশীদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আবুল কাশেম মিয়া।
উদ্বোধনী অনুষ্ঠানে হাসান মাহমুদ রাজা বলেন, "শিক্ষা কার্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের যাতায়াত ও অন্যান্য প্রয়োজনীয় সেবাকেও ইউআইইউ গুরুত্ব দিয়ে আসছে। নতুন এসি বাস সেবা শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি ও সময়ানুবর্তিতা মেনে চলায় ইতিবাচক ভূমিকা রাখবে।"
অন্যদিকে, মইনুদ্দীন হাসান রশীদ শিক্ষার্থীদের জন্য আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে ইউনাইটেড গ্রুপের দায়িত্বশীল ভূমিকার কথা তুলে ধরেন। তিনি আগামীতেও আন্তর্জাতিক মানের জ্ঞানভিত্তিক প্রতিষ্ঠান গড়তে বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে সহযোগিতা অব্যাহত রাখবেন বলে আশ্বস্ত করেন।
উপাচার্য অধ্যাপক মো. আবুল কাশেম মিয়া বিষয়টি ব্যাখ্যা করে বলেন, "মানসম্মত শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ক্যাম্পাস জীবন নিশ্চিত করাও বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব। নতুন বাস সার্ভিস শিক্ষার্থীদের যাতায়াত সহজ করার পাশাপাশি ক্লাসে মনোযোগী হতে সহায়তা করবে।"