মুক্তকণ্ঠ ট্রাস্টের একটি আয়োজন অনলাইনে মাদকবিরোধী পরামর্শ সভা। এ আয়োজনের আওতায় ২০২৫ সালের ২৮ এপ্রিল একটি সভা অনুষ্ঠিত হয়। সভার আলোচক ছিলেন মানসিক রোগ বিশেষজ্ঞ ডা. মেখলা সরকার। তিনি ‘সন্তানের বয়ঃসন্ধিকাল: অভিভাবকের সচেতনতা ‘—এই বিষয়ের ওপর আলোচনা করেন। উক্ত আলোচনা থেকে বয়ঃসন্ধিকালের প্রধান প্রবণতাগুলো নিয়ে পরামর্শ তুলে ধরা হলো।

নিজস্ব পরিচয় গঠন: এই সময়ে সন্তান আর কেবল বাবা-মায়ের পরিচয়ে থাকতে চায় না। সে তার নিজস্ব একটি স্বকীয়তা বা পরিচয় তৈরি করতে চায়।

স্বাধীন চিন্তা ও সিদ্ধান্ত: আগে সন্তানরা বাবা-মায়ের সব কথা মুখ বুজে মেনে নিলেও, এই সময়ে তারা নিজেদের পছন্দ-অপছন্দ নিয়ে অনেক বেশি সচেতন হয়। পোশাক নির্বাচন থেকে শুরু করে বন্ধু নির্বাচন—সব ক্ষেত্রে তারা নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নিতে চায়।

বিবেচনা ও বিচারবুদ্ধির বিকাশ: ভালো-মন্দ বিচার করার একটি প্রবণতা তাদের মধ্যে তৈরি হয়। তারা সব কিছু অন্ধভাবে বিশ্বাস না করে যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করে।

সামাজিক ও রাজনৈতিক সচেতনতা: এই বয়সে তারা শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ থাকে না; বরং সমাজ এবং রাজনীতি নিয়ে তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি ও কৌতূহল তৈরি হয়।

অজস্র জিজ্ঞাসা: আগে যেসব বিষয়ে বাবা-মায়েরা তাদের দূরে রাখতেন, এখন সেসব বিষয়ে তাদের মনে নানা প্রশ্ন জাগে। এই কৌতূহলী মানসিকতা অনেক সময় বাবা-মায়ের কাছে নতুন বা চ্যালেঞ্জিং মনে হতে পারে।