নোয়াখালী জেলা শহরের বসুন্ধরা কলোনি এলাকায় বুধবার সকাল আটটার দিকে এক অজ্ঞাতনামা যুবকের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন ষষ্ঠ শ্রেণির ছাত্রী আফরা ইবনাত (১২)। চুরির চেষ্টাকালে তাকে রক্ষা করতে গেলে ওই যুবক ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে। আহত অবস্থায় তাকে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার বিবরণ অনুযায়ী, সকালে আফরার বাবা কেনাকাটায় এবং মা পাশের বাসায় ছিলেন। ঘরের দরজা খোলা পেয়ে এক যুবক ভেতরে ঢুকে আলমারি থেকে টাকাপয়সা ও মূল্যবান জিনিসপত্র চুরির চেষ্টা করেন। স্কুলে যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় আফরা ওই যুবককে দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। এতে ক্ষিপ্ত হয়ে যুবক তার ওপর ছুরি চালান। ফলে তার দুই হাত, মাথা ও ঘাড়ে মারাত্মক জখম হয়।
ছাত্রীর চিৎকারে এলাকাবাসী ছুটে আসেন। বাড়ির সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করত মো. সিয়াম (২৫) নামের এক যুবককে স্থানীয়রা পিটিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন। তাঁর গ্রামের বাড়ি কুমিল্লায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে সুধারাম থানায় নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে সুধারাম থানার উপপরিদর্শক (এসআই) ফখরুল ইসলাম মুঠোফোনে জানান, স্কুলছাত্রী আফরার স্বজনেরা বাইরে থাকায় তারা সরাসরি মূল অপরাধীকে দেখেনি। চিৎকার শুনে স্থানীয় উৎসুক জনতা রাস্তার পাশে থাকা সিয়াম নামের এক যুবককে দেখতে পেয়ে আটক ও মারধর করে। পরে থানায় খবর দেওয়া হলে তাঁরা ওই যুবককে থানায় নিয়ে আসেন।
এসআই ফখরুল ইসলাম আরও জানান, ভুক্তভোগী ছাত্রী যে ব্যক্তির বর্ণনা দিয়েছে, ধৃত ব্যক্তির সঙ্গে তার তেমন মিল নাই। আঘাতপ্রাপ্ত সিয়ামকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁর বাড়ি কুমিল্লায়। ঘটনার প্রকৃত মূল অপরাধীকে চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশি তদন্ত চলছে। তবে এ ঘটনায় পরিবারের অভিযোগের আলোকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।