রাজধানীর মোহাম্মদপুরে এক ট্রাক মালিক সমিতির কার্যালয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও ভাঙচুরের মামলায় শ্রমিক দলের বহিষ্কৃত নেতা মো. আলী কায়সার পিন্টুকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে তাকে মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ৩১ আগস্ট বিকেলে সাত মসজিদ হাউজিং ট্রাক টার্মিনালে আন্তজেলা ট্রাক মালিক সমিতির কার্যালয়ে পিন্টুসহ কয়েকজন যান। তারা ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং নগদ ৫ লাখ টাকা দিতে বলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা কার্যালয়ে ভাঙচুর চালান এবং সমিতির সদস্য বেলায়েত হোসেনকে মারধর করেন। এতে প্রায় ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম মুক্তকণ্ঠকে বলেন, "১০ লাখ টাকা চাঁদাবাজির মামলায় পিন্টুকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে চাঁদাবাজির পাশাপাশি ভাঙচুর ও মারধরের অভিযোগ রয়েছে।"

পুলিশ সূত্রে জানা গেছে, পিন্টুর বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় অন্তত আটটি মামলা রয়েছে। পুলিশের তালিকায় শীর্ষ চাঁদাবাজদের মধ্যেও তার নাম রয়েছে। এছাড়া দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত বছরের মে মাসে তাকে মোহাম্মদপুর থানা শ্রমিক দলের আহ্বায়ক পদ ও দলের সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়। দলটির পক্ষ থেকে পুলিশকে দেওয়া একটি চিঠিতে তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি ও দখলবাজিতে জড়িত থাকার অভিযোগ তুলে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছিল।