বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সেপ্টেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম নির্ধারণ করেছে। ফলে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের মূল্য ১৩ টাকা কমে ১ হাজার ৫৮৫ টাকায় দাঁড়িয়েছে। এর আগে এই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫৯৮ টাকা।

বুধবার (২ সেপ্টেম্বর) বিইআরসি এই নতুন মূল্য তালিকা প্রকাশ করে। কমিশন জানিয়েছে, আজ সন্ধ্যা ৬টা থেকে এই নতুন দাম কার্যকর হবে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এই মূল্য তালিকা বহাল থাকবে।

নতুন নির্ধারিত দাম অনুযায়ী, সাড়ে ৫ কেজি সিলিন্ডারের দাম ৭২৭ টাকা। সাড়ে ১২ কেজি, ১৫ কেজি, ১৬ কেজি, ১৮ কেজি ও ২০ কেজি সিলিন্ডারের দাম যথাক্রমে ১ হাজার ৬৫২ টাকা, ১ হাজার ৯৮২ টাকা, ২ হাজার ১১৪ টাকা, ২ হাজার ৩৭৮ টাকা এবং ২ হাজার ৬৪২ টাকা নির্ধারণ করা হয়েছে। বড় ধরনের সিলিন্ডারগুলোর ক্ষেত্রে ২২ কেজি ২ হাজার ৯০৭ টাকা, ২৫ কেজি ৩ হাজার ৩০৩ টাকা, ৩০ কেজি ৩ হাজার ৯৬৪ টাকা, ৩৩ কেজি ৪ হাজার ৩৬০ টাকা, ৩৫ কেজি ৪ হাজার ৬২৪ টাকা এবং ৪৫ কেজি ৫ হাজার ৯৪৫ টাকায় পাওয়া যাবে।

বিইআরসি সূত্রমতে, আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম ও সংশ্লিষ্ট অন্যান্য খরচের ওপর ভিত্তি করে প্রতি মাসে এলপিজি ও অটোগ্যাসের মূল্য পুনর্নির্ধারণ করা হয়।