দেশের ব্যাংক খাতে শ্রেণিকৃত ঋণের পরিমাণ আরও বেড়েছে। চলতি বছরের জুন মাস শেষে ব্যাংকগুলোতে শ্রেণিকৃত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা। মাত্র তিন মাসের ব্যবধানে এই ঋণ বেড়েছে ১৭ হাজার ৮৫১ কোটি টাকা।
বুধবার (২ সেপ্টেম্বর) এক বার্তায় এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, মার্চ ২০২৬ শেষে ব্যাংক খাতে শ্রেণিকৃত ঋণ ছিল ৫ লাখ ৮৮ হাজার ৭০৪ কোটি টাকা। ওই সময়ে মোট ঋণের ৩২ দশমিক ২৬ শতাংশ শ্রেণিকৃত হিসেবে চিহ্নিত হয়েছিল। মার্চ থেকে জুন পর্যন্ত তিন মাসে শ্রেণিকৃত ঋণের পরিমাণ ১৭ হাজার ৮৫১ কোটি টাকা বেড়েছে। একই সময়ে মোট ঋণের তুলনায় শ্রেণিকৃত ঋণের হারও বেড়েছে শূন্য দশমিক ৫২ শতাংশীয় পয়েন্ট।
জুন মাস শেষে দেশের ব্যাংক খাতের মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশ শ্রেণিকৃত ঋণে পরিণত হয়েছে। খেলাপি ঋণের এই ঊর্ধ্বগতি ব্যাংকগুলোর ঋণমান এবং সামগ্রিক আর্থিক স্থিতিশীলতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।