কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় অবৈধভাবে সার মজুতের অভিযোগে দুই ব্যবসায়ীকে মোট চার লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিষয়টি নিশ্চিত করেছেন বুধবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমৃত দেব নাথ।

উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা কুড়ারপাড় এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে মোহাম্মদ শফিকুল ইসলাম খোকনের মালিকানাধীন মেসার্স খোকন ব্রিক্সের দুটি ঘর থেকে ১৬ বস্তা ইউরিয়া ও সাত বস্তা ডিএপি সার উদ্ধার করা হয়। অবৈধ মজুতের দায়ে প্রতিষ্ঠানটির মালিককে চার লাখ টাকা জরিমানা করা হয়। একই সময় কুড়ারপাড় বাজারে সার ব্যবসায়ী রফিকুল ইসলামের মেসার্স রফিক ট্রেডার্সের দোকান থেকে নয় বস্তা এমওপি সার জব্দ করা হয়। এ ঘটনায় তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম তারেক, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আব্দুল জব্বার, পুলিশ সদস্যরা, গণমাধ্যমকর্মী ও স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

ইউএনও অমৃত দেব নাথ বলেন, একটি চক্র দীর্ঘ দিন ধরে অবৈধভাবে সার মজুত করে কৃষকদের কাছে বেশি দামে বিক্রির চেষ্টা করে আসছে—এমন তথ্যের ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হয়। কৃষি মৌসুমে সারের কৃত্রিম সংকট ও কালোবাজারি ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়। তিনি আরও জানান, জব্দ করা সার উপজেলা কৃষি কর্মকর্তার মাধ্যমে সরকার নির্ধারিত দামে স্থানীয় কৃষকদের কাছে বিক্রি দেওয়া হবে।