স্থানীয় সরকার প্রতিষ্ঠানের আসন্ন নির্বাচনকে সামনে রেখে আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার এলাকা পরিবর্তনের আবেদনের নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত এই আবেদন প্রক্রিয়া চলবে।

বুধবার (২ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরীর স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্যের কথা জানানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, ভোটার স্থানান্তরের জন্য দাখিল করা আবেদনের ইস্যুর শেষ তারিখ ৯ সেপ্টেম্বর এবং আবেদনগুলো নিষ্পত্তির চূড়ান্ত সময়সীমা ১০ সেপ্টেম্বর। স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন উপলক্ষে ভোটারদের আবাসস্থল পরিবর্তনের কারণে স্থানান্তর সংক্রান্ত আবেদন গ্রহণ ও নিষ্পত্তির লক্ষ্যেই নির্বাচন কমিশন এই বিশেষ সময়সূচি নির্ধারণ করেছে।