চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আবদুল মান্নান (৬২) নামের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার বেতাগী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম বেতাগী গ্রামে এই হামলা চালানো হয়। নিহত আবদুল মান্নান ওই গ্রামের হাফেজ বজলুর রহমান বাড়ির নূর আহমেদের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও স্বজনদের বরাত দিয়ে জানা গেছে, ৯ মাস আগে একটি বিয়ের অনুষ্ঠানে আবদুল মান্নান ও তাঁর প্রতিবেশী মোজাম্মেল হকের ঝগড়া হয়। এরপর থেকে দুজনের বিরোধ চলছিল। গতকাল সন্ধ্যায় স্থানীয় বাজারে বিষয়টি নিয়ে মান্নান ও মোজাম্মেল হকের আবারও ঝগড়া হয়, যা হাতাহাতিতে রূপ নেয়। স্থানীয়রা এ সময় দুজনকে শান্ত করেন।
স্থানীয় মসজিদে এশার নামাজ শেষে বাড়ি ফেরার পথে রাত সাড়ে নয়টার দিকে আবদুল মান্নানকে লক্ষ্য করে ওত পেতে থাকা মোজাম্মেল হক হামলা চালায়। এলোপাতাড়ি কুপিয়ে তার ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করা হয়। চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে আহত অবস্থায় তিনি জানান, রাতের আঁধারে ওত পেতে থাকা মোজাম্মেল হক তাঁকে কুপিয়ে আহত করে পালিয়েছেন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে রাউজানের পাহাড়তলীর একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অভিযুক্ত মোজাম্মেল হক বর্তমানে পলাতক এবং তার বক্তব্য জানা সম্ভব হয়নি। বিষয়টি নিশ্চিত করে পুলিশের রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ বেলায়েত হোসেন মুক্তকণ্ঠকে বলেন, "লাশ ময়নাতদন্ত শেষে পরিবারকে হস্তান্তর করা হবে। অভিযুক্ত মোজাম্মেল হককে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।"