টঙ্গীর গোপালপুর সোসাইটি মাঠে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) মধ্যরাতে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতের নাম নুরুল ইসলাম। তিনি শ্রীপুর থানার টেপিরবাড়ী এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে। বর্তমানে টঙ্গী পূর্ব থানার গোপালপুর এলাকায় পরিবার নিয়ে থাকতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কিছু দিন ধরে এলাকায় মাদক কারবার ও নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ চলছিল। এর জেরে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে কয়েকজন মাদক কারবারি ও ১০-১২ জন অজ্ঞাত দুষ্কৃতকারী তাকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে মধ্যরাতে সোসাইটি মাঠে তারা তাকে এলোপাতাড়ি কুপিয়ে পায়ের রগ কেটে দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে পাঠায়। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুল আলম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।