বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ শারীরিক অসুস্থতার কারণে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার রাতে হাসপাতালে আসার পর জরুরি বিভাগ থেকে তাঁকে দ্রুত নিবিড় পর্যবেক্ষণের জন্য করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ ভর্তির বিষয়টি নিশ্চিত করলেও মন্ত্রীর অসুস্থতার প্রকৃত ধরন বা কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। হার্ট অ্যাটাক বা বুকে ব্যথার কারণে ভর্তি হয়েছেন কি না—এমন প্রশ্নের উত্তরে হাসপাতাল কর্তৃপক্ষ এখনো কোনো নিশ্চিত মন্তব্য করেনি। হাসপাতালের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, মন্ত্রীর বর্তমান শারীরিক অবস্থা ও অসুস্থতার সুনির্দিষ্ট কারণ বিষয়ে মেডিকেল বোর্ডের চিকিৎসকরাই পর্যবেক্ষণ শেষে বিস্তারিত তথ্য দিতে পারবেন।
উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন ইকবাল হাসান মাহমুদ।