যশোরের শার্শায় পারিবারিক কলহের জেরে এক পিতা তার দুই শিশুসন্তানকে হত্যা করে আত্মহত্যা করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চটকাপোতা দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে মৃত নেদন আলীর ছেলে কামাল হোসেন (৪৫) ও তার দুই শিশুসন্তান সাবির (৫) ও জাবির (আড়াই)-এর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশু দুটিকে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়ে থাকতে পারে। একই সময়ে কামাল হোসেন বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করেন। খবর পেয়ে শার্শা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে।

স্থানীয়দের বরাতে জানা গেছে, কামাল হোসেনের একাধিক স্ত্রী ছিলেন। তার মোট সাতজন সন্তান রয়েছে। আগের দুই স্ত্রীর সঙ্গে তার বিচ্ছেদ হয়েছে। পারিবারিক কলহের জেরে প্রায় এক সপ্তাহ আগে তার সর্বশেষ স্ত্রীও দুই সন্তানকে ফেলে নড়াইলে বাবার বাড়িতে চলে যান। এরপর থেকে পাঁচ বছরের সাবির ও আড়াই বছরের জাবির বাবার সঙ্গেই ওই বাড়িতে ছিল।

খবর পেয়ে শার্শা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে। পরে শিশু দুটির মৃত্যুর কারণ এবং কামাল হোসেনের আত্মহত্যার সঙ্গে এর কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কামাল হোসেন আত্মহত্যা করেছেন। একই ঘটনায় তার দুই শিশুসন্তানের মৃত্যুর বিষয়টিও তদন্ত করা হচ্ছে। শিশু দুটির মৃত্যু কীভাবে হয়েছে এবং ঘটনার মূল কারণ কী, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।