কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণপাড়াসংলগ্ন সৈকতে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে অজ্ঞাতপরিচয় এক পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর। মরদেহটি কোনো বিদেশি নাগরিকের হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, জোয়ারের পানিতে ভেসে এসে মরদেহটি সৈকতে আটকে যায়। স্থানীয় লোকজন দেখতে পেয়ে সেন্টমার্টিন পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজুল করিম জানান, মরদেহটির পরনে শুধু একটি হাফপ্যান্ট ছিল। দীর্ঘ সময় পানিতে থাকায় দেহটি অর্ধগলিত হয়ে গেছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে সন্ধ্যায় ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এখনও তার পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্ত ও তদন্ত শেষে মৃত্যুর কারণ ও পরিচয় জানা সম্ভব হবে।