হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি গাড়ি দুর্ঘটনার শিকার হয়ে তিন সদস্য নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত প্রাথমিকভাবে এটি চালকের অদক্ষতা বা নিয়ন্ত্রণ হারানোর কারণে ঘটে থাকতে পারে বলে ধারণা প্রকাশ করেন। তবে তদন্ত শেষ হওয়ার আগে বিষয়টির সুনির্দিষ্ট কারণ বলা সম্ভব নয়।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ তথ্য জানান। বিমানমন্ত্রী জানান, মর্মান্তিক এই দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। আহতদের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে নিহতদের জানাজা সম্পন্ন হয়েছে।
দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনের জন্য ইতোমধ্যে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি চালকের দক্ষতা, দুর্ঘটনার সময় গাড়ির গতি এবং কোনো কারিগরি বা অবকাঠামোগত ত্রুটি রয়েছে কিনা—তা খতিয়ে দেখবে। প্রতিবেদন পাওয়ার পরই দুর্ঘটনার আসল কারণ নিশ্চিত হওয়া যাবে বলে মন্ত্রী জানান।
এ সময় বিমানবন্দরের অভ্যন্তরীণ যানবাহন চলাচলে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং আগামীতে এমন দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি।