জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) অধীনস্থ সকল কার্যালয়ে কর্মকর্তা ও কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সর্বোচ্চ সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে কঠোর নির্দেশনা জারি করেছে।

বৈশ্বিক সংকট মোকাবিলা এবং দেশব্যাপী জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনার আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এনবিআরের বোর্ড প্রশাসন-১ শাখার দ্বিতীয় সচিব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এই তথ্য জানানো হয়। আদেশে কর, কাস্টমস ও ভ্যাটসহ এনবিআরের আওতাধীন সকল দপ্তর ও প্রতিষ্ঠানকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

এর আগে মন্ত্রিপরিষদ বিভাগ বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে ১২টি নির্দেশনা প্রদান করে। সেই পরিপত্রের আলোকেই এনবিআর নিজস্ব দাপ্তরিক আদেশে অনুসরণের জন্য সুস্পষ্ট নির্দেশাবলি দিয়েছে। নির্দেশনায় উল্লেখ করা হয়েছে— দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার না করার তাগিদ দেওয়া হয়েছে। পর্দা বা ব্লাইন্ড সরিয়ে সূর্যের আলো কাজে লাগাতে বলা হয়েছে। অফিস চলাকালীন সময়ে ব্যবহৃত বাতির অন্তত অর্ধেক বন্ধ রাখতে হবে। শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) তাপমাত্রা বাধ্যতামূলকভাবে ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি রাখতে হবে।

কক্ষ ত্যাগ করার সময় বা অফিস সময় শেষ হওয়ার পরপরই লাইট, ফ্যান, এসি, কম্পিউটার, প্রিন্টার ও স্ক্যানার বন্ধ নিশ্চিত করতে বলা হয়েছে। করিডোর, সিঁড়ি ও ওয়াশরুমে অপ্রয়োজনীয় আলো জ্বালানো যাবে না বলে উল্লেখ করা হয়েছে। যেকোনো ধরনের আলোকসজ্জা সম্পূর্ণ বন্ধ রাখতে হবে। সরকারি যানবাহনের ব্যবহার সীমিত করতে হবে এবং জ্বালানি ব্যবহারে কঠোর সাশ্রয়ী নীতি মেনে চলতে হবে।