ফেনী শহরের কুমিল্লা বাসস্ট্যান্ড ও ট্রাংক রোড এলাকায় ভোক্তা অধিকারের অভিযান চালিয়ে দুই বেকারিকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে অধিদপ্তরটির ফেনী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। জেলা পুলিশের একটি টিম এতে সার্বিক সহযোগিতা করে।

অভিযানকালে শহরের বিভিন্ন ব্র্যান্ডের বেকারি ও পেস্ট্রি শপে পণ্যের মান ও নিরাপত্তা মনিটরিং করা হয়। এ সময় উৎপাদিত পণ্যের মোড়কে মেয়াদ ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য না থাকায় কুমিল্লা বাসস্ট্যান্ড এলাকার ‘মেসার্স হ্যাভেন বেকার্স’কে সতর্ক করে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। একই ধরনের লঙ্ঘনের জন্য ট্রাংক রোড এলাকার ‘মেসার্স রসমেলা’কে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া আমদানিকৃত শিশুখাদ্যের মোড়কে দেশীয় মুদ্রায় মূল্য ও প্রয়োজনীয় নির্দেশনা উল্লেখ না থাকায়ও ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

অভিযান চলাকালে ভোক্তা অধিকারবিরোধী কর্মকাণ্ড বন্ধে সংশ্লিষ্টদের সতর্ক করার পাশাপাশি সাধারণ দর্শনার্থীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ফেনী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম মুক্তকণ্ঠকে জানান, জনস্বার্থে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে। একই সঙ্গে ভোক্তা অধিকার রক্ষায় তিনি সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।