টাঙ্গাইল জেলা প্রশাসনের উদ্যোগে বেকারত্ব দূর ও নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শরীফা হক এই মেলার উদ্বোধন করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি।
অনলাইন ও অফলাইন আবেদনের মাধ্যমে সর্বমোট ১১,৪২৭ জন চাকরিপ্রার্থী এই কর্মসূচিতে নিবন্ধন করেন। বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে সরাসরি সাক্ষাৎকারের পর ৪৪৬ জন প্রার্থীকে তাৎক্ষণিকভাবে নিয়োগ দেওয়া হয়। এ ছাড়া বাছাইকৃত আরও ১,৫৮১ জনের নিয়োগ প্রক্রিয়া আগামী এক মাসের মধ্যে শেষ করার কথা রয়েছে। ফলে এই জব ফেয়ার থেকে মোট ২,০২৭ জনের কর্মসংস্থান নিশ্চিত হচ্ছে।
আয়োজক সূত্র জানায়, যাঁরা এই ধাপে সুযোগ পাননি, তাঁদের জমা দেওয়া জীবনবৃত্তান্ত বা সিভি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো সংরক্ষণ করবে। ভবিষ্যতে যখনই নতুন জনবলের প্রয়োজন হবে, সেই সময় এই তালিকাভুক্ত প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে।