যশোরের শার্শা উপজেলার চটকাপোতা গ্রামে মঙ্গলবার বিকেলে একই পরিবারের তিন সদস্যের মরদেহ উদ্ধার হয়েছে। নিহতরা হলেন কামাল হোসেন (৪৫) এবং তার ছেলে ছাবির (৪) ও জাবির (২)। পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে চলা পারিবারিক কলহ ও মানসিক চাপের জেরে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কামাল হোসেনের দ্বিতীয় স্ত্রী রাবেয়া বেগমের সাথে কয়েক মাস ধরে বিরোধ চলছিল। ওই বিরোধের জেরে এক সপ্তাহ আগে রাবেয়া বেগম দুই শিশুসন্তানকে রেখে স্বামী বাড়িতে চলে যান।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, বিকেলে কামাল হোসেনের দোচালা টিনের ঘরে বড় ছেলে ছাবিরের লাশ কাঠের আড়ায় এবং ছোট ছেলে জাবিরের লাশ সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। একই সময়ে বাড়ির দক্ষিণ পাশে কামাল হোসেনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। বিষয়টি নিশ্চিত করে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক মুক্তকণ্ঠকে বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক বিবাদের জেরে চরম মানসিক হতাশা থেকে সন্তানদের হত্যার পর কামাল হোসেন বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন।”

মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়েরসহ আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।