ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের আবাসিক হোস্টেলের নারী শিক্ষার্থীদের নিয়ে ফেসবুকে অশালীন মন্তব্য প্রকাশের অভিযোগে মোরশেদ আলম ওরফে আদিব (২০) নামের এক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে ক্যাম্পাসের শিক্ষার্থীদের প্রতিবাদ ও হস্তান্তরের পর এই ঘটনা ঘটে। ইনস্টিটিউট কর্তৃপক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ না আসায় পুলিশ রাতেই মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয়।

জানা যায়, ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল বিভাগের তৃতীয় পর্বের শিক্ষার্থী মোরশেদ আলম পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ইসলামী ছাত্রশিবিরের কর্মী বলে স্থানীয় নেতারা দাবি করেন। নারী হোস্টেলের শিক্ষার্থীদের নিয়ে তার ফেসবুক পোস্ট ছড়িয়ে পড়লে গতকাল রাতে আবাসিক শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ শুরু করেন। এতে ছাত্র হোস্টেলের শিক্ষার্থীরাও যোগ দেন। পরে তারা আদিবকে আটক করে ইনস্টিটিউট কর্তৃপক্ষের মাধ্যমে পুলিশের কাছে তুলে দেয়।

ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের আহ্বায়ক মো. রুবেল মোঘল জানান, সম্প্রতি নারী হোস্টেলের আঙিনায় পরিচ্ছন্নতার কাজকার্যকলাপ চলাকালে কিছু পরিচ্ছন্নতাকর্মী হোস্টেলের পাশ থেকে বিভিন্ন বস্তু সংগ্রহ করেন। মোরশেদ তাদের কাছ থেকে সেগুলো সম্পর্কে জানতে চাইলে পরে নারী শিক্ষার্থীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে তিনি ফেসবুকে পোস্ট দেন। সাধারণ শিক্ষার্থীরা তাকে অন্য কোনো পলিটেকনিক ইনস্টিটিউটে স্থানান্তরের দাবি জানিয়েছেন।

ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষক সমিতির সভাপতি জি এম তাজউদ্দিন বলেন, নারী শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে রাতে মোরশেদকে আটক করে পুলিশের কাছে দেওয়া হয়েছিল। তবে তাঁর বিরুদ্ধে ইনস্টিটিউট কর্তৃপক্ষ কোনো মামলা বা লিখিত অভিযোগ না দেওয়ায় পুলিশ তাঁকে আবার কলেজ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। তিনি আরও জানান, রাতেই অভিযুক্ত শিক্ষার্থী নারী শিক্ষার্থীদের কাছে ক্ষমা চেয়ে ফেসবুকে দেওয়া পোস্টটি মুছে দেন। পরে ক্ষমা চেয়ে নতুন করে আরেকটি পোস্ট দেন। প্রাথমিকভাবে শিক্ষার্থীর শিক্ষাজীবনের কথা বিবেচনা করে তাঁর বিরুদ্ধে আইনগত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তবে অভিযোগের বিষয়ে আজ মঙ্গলবার সকালে একাডেমিক কাউন্সিল সভায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কলেজের নিরাপত্তার স্বার্থে তদন্ত কমিটির সিদ্ধান্তের আলোকে আদিবকে অন্য কোনো পলিটেকনিক ইনস্টিটিউটে স্থানান্তর করা হবে।

ঘটনার বিষয়ে ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রশিবিরের সভাপতি খায়ের উদ্দিন বলেন, ছাত্রশিবিরের কর্মী মোরশেদ আলমের একটি সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা ঘটেছে, তবে তিনি ছাত্রশিবিরের সক্রিয় কর্মী নন। তাঁর অপরাধের বিষয়ে ইনস্টিটিউট কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে। যেহেতু তাঁর কোনো দলীয় পদ নেই, তাই তাঁর বিরুদ্ধে সংগঠনগতভাবে কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম ও পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাশের মুঠোফোন ও হোয়াটসঅ্যাপে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা ফোন ধরেননি। পরে থানার পরিদর্শক (তদন্ত) সাজিদ কামালকে ফোন করা হলে তিনি ছুটিতে আছেন বলে জানান। থানার ডিউটি অফিসারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি রেজিস্টার খাতা দেখে বলেন, মোরশেদ নামে পলিটেকনিক ইনস্টিটিউটের কোনো শিক্ষার্থীকে আটক করা হয়নি।

অধ্যক্ষ রেজাউল করিমের বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি.