ঢাকা শিক্ষা বোর্ড ২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের জন্য একটি সঠিক ডাটাবেইজ গড়তে বিশেষ উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে বোর্ডের আওতাধীন সব সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব শিক্ষক ইতিমধ্যে অবসর নিয়েছেন, মারা গেছেন, অন্যত্র বদলি হয়েছেন, চাকরি ছেড়েছেন, কালো তালিকাভুক্ত হয়েছেন বা বর্তমানে খণ্ডকালীন হিসেবে কর্মরত আছেন, তাদের নাম ই-টিআইএফ (ইলেকট্রনিক টিচার ইনফরমেশন ফর্ম) থেকে অবিলম্বে কর্তন করতে হবে। কারণ, ই-টিআইএফ-এর তথ্য হালনাগাদ না থাকায় প্রতি বছর প্রধান পরীক্ষক ও পরীক্ষক নিয়োগে জটিলতা সৃষ্টি হয়। প্রতিষ্ঠানগুলোকে নিজ দায়িত্বে এই সংশোধনী করতে হবে; বোর্ড থেকে সরাসরি সংশোধনের কোনো সুযোগ নেই।

একই সঙ্গে, যেসব যোগ্য শিক্ষকের তথ্য এখনো ই-টিআইএফ-এ অন্তর্ভুক্ত হয়নি, তাদের তথ্যও জরুরি ভিত্তিতে যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।