চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান টেকনো তাদের নতুন মডেল ‘ক্যামন স্লিম ৫জি’ এবং ‘ক্যামন এয়ার’ স্মার্টফোন দুটি বাংলাদেশে উন্মোচন করেছে। আজ মঙ্গলবার টেকনো বাংলাদেশ একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিশ্ববাজারে যাত্রা শুরু করার জন্য এই ফোন দুটি প্রথমবারের মতো বাংলাদেশে উপস্থাপন করা হয়েছে। ক্যামন স্লিম ৫জি মডেলটির আগাম অর্ডার নেওয়া শুরু হবে আজ থেকে এবং ৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
পাতলা গড়নের এই ফোন দুটিতে ছবি তোলায় হালনাগাদ প্রযুক্তি, আইপি৬৮, আইপি৬৯ ও আইপি৬৯কে রেটিং এবং বিভিন্ন এআইনির্ভর সুবিধা অন্তর্ভুক্ত রয়েছে। ক্যামন স্লিম ৫জি মডেলটির পুরুত্ব ৬ দশমিক ৩৯ মিলিমিটার এবং ওজন ১৯০ গ্রাম। ৬ হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি ও ৪৫ ওয়াটের সুপার চার্জ প্রযুক্তি থাকায় দ্রুত চার্জ ও দীর্ঘ ব্যবহার সম্ভব। ৬ দশমিক ৭৮ ইঞ্চি পর্দা, মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ই ৫জি প্রসেসর, পেছনে ৫০ ও ৮ মেগাপিক্সেলের ক্যামেরা এবং সামনে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। ফ্লিকার সেন্সরযুক্ত ক্যামেরাগুলোতে ক্যালরি নির্ণয়, এআই হেলথকেয়ার, এআই পুষ্টি বিশেষজ্ঞ, এআই পেট স্ন্যাপ ও এআই স্টারক্যাম্পসহ বৈশিষ্ট্য পাওয়া যাবে। ৮ গিগাবাইট র্যাম ও ২৫৬ গিগাবাইট স্টোরেজের এই ফোনটির দাম ধরা হয়েছে ৫৯ হাজার ৯৯৯ টাকা (ভ্যাট ছাড়া)। আগাম অর্ডারকারী ক্রেতারা টেকনোর স্মার্টওয়াচ নিও এবং টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশের উদ্বোধনী ম্যাচের টিকিট পাবেন।
অন্যদিকে, ক্যামন এয়ার মডেলটি বর্তমানে দেশব্যাপী কেনা যাচ্ছে। ৬ দশমিক ৩৯ মিলিমিটার পুরুত্বের থ্রিডি বাঁকানো পর্দা, ৬ হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি ও ৬০ ওয়াটের আলট্রা চার্জার রয়েছে এতে। সামনে ও পেছনে ফ্লিকার সেন্সরযুক্ত যথাক্রমে ৩২ ও ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা সহ একই ধরনের এআই বৈশিষ্ট্য রয়েছে। ৮ গিগাবাইট র্যামযুক্ত ফোনটির সংস্করণভেদে ১২৮ ও ২৫৬ গিগাবাইট স্টোরেজ অপশন পাওয়া যায়। ভ্যাট বাদে এর দাম যথাক্রমে ৪৪ হাজার ৯৯৯ টাকা ও ৪৯ হাজার ৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।