জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেছ আলী মামুন বলেছেন, দেশের বিদ্যমান বিদ্যুৎ ও গ্যাস সংকট রাতারাতি সমাধান করা সম্ভব নয়। তিনি গত ১৭ বছরে আওয়ামী লীগ সরকারের 'কুইক রেন্টাল' নীতির কারণে বিদ্যুৎ খাতের অবক্ষয় ঘটেছে বলে অভিযোগ করেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি মামুন বলেন, "বাংলাদেশে এমনকি জামালপুরেও বিদ্যুৎ ও গ্যাসের সংকট রয়েছে—এটা অস্বীকার করার সুযোগ নেই। তবে জনগণকে বুঝতে হবে, আওয়ামী লীগ সরকার কুইক রেন্টালের নামে বিদ্যুৎ খাতকে ধ্বংস করেছে। এই খাত থেকে হাজার হাজার
কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে। তাদের রেখে যাওয়া কুইক রেন্টালভিত্তিক বিদ্যুৎ ব্যবস্থা এখন বিপর্যস্ত। এ কারণেই বিদ্যুৎ সংকট তৈরি হয়েছে। এটি রাতারাতি সমাধান করা সম্ভব নয়।"
তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় এলে সংকট দ্রুত নিরসনে সর্বোচ্চ চেষ্টা করবে উল্লেখ করে তিনি জানান, বর্তমানে যুদ্ধ পরিস্থিতির কারণে তেল আমদানিতে বাধা দেখা দিলেও বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহে তা প্রভাব ফেলছে।
পরাজিত ও পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামুন অভিযোগ করেন, তারা বিদ্যুৎ সংকটকে রাজনৈতিক ইস্যু হিসেবে তুলে ধরে জনগণকে বিভ্রান্ত করতে এবং বিভিন্ন স্থানে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে তিনি জোর দিয়ে বলেন, জামালপুরের মাটিতে কোনো অপতৎপরতা সফল হতে দেওয়া হবে না।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি জনগণের পাশে থাকার আহ্বান জানিয়ে বলেন, বিদ্যুৎ ও গ্যাস সংকট নিরসনে সরকারের নেওয়া পদক্ষেপ সম্পর্কে জনগণকে সঠিক তথ্য জানাতে হবে। আলোচনা সভা শেষে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একটি র্যালি বের করেন। শহরের ফৌজদারি মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণকারী র্যালিটি দয়াময়ী মোড়ে গিয়ে শেষ হয়।