মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) দেশের সকল মাধ্যমিক বিদ্যালয় ও কলেজকে নজরুল বর্ষ উপলক্ষে নিজস্ব ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের নির্দেশ দিয়েছে। মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) পাঠানো এক চিঠির মাধ্যমে এই জরুরি নির্দেশনা জারি করা হয়েছে।

চিঠিতে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের স্মারক নম্বর: ৪৩,০০,০০০০,০০০,১২৪.২৩.০২৪৪.২৬ (অংশ-২).৫৮০, তারিখ: ২৭/০৮/২০২৬ এবং শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং- ৩৭,০০,০০০০.০৭১.১৯.০৩৩.২৫-৩০৪ এর তথ্য উল্লেখ করা হয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের নির্ধারিত নির্দেশিকা অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

সংস্কৃতি মন্ত্রণালয়ের নির্দেশিকায় জানানো হয়, গত ২৫ মে হতে আগামী বছরের ২৫ মে পর্যন্ত ‘নজরুল বর্ষ’ হিসেবে পালনের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। এই উপলক্ষে দেশব্যাপী সব পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে একটি নির্দেশিকা প্রণয়ন করা হয়েছে।

ওই নির্দেশিকার আলোকে উচ্চ মাধ্যমিক ও সমমান, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের সহিত সকল মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে নিজস্ব ব্যবস্থাপনায় প্রতিযোগিতা আয়োজন করতে হবে। প্রতিযোগিতার বিজয়ীদের তালিকা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে। ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত মাধ্যমিক বিদ্যালয় ও কলেজসমূহের বিজয়ীদের তালিকা সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর পাঠাতে হবে। অন্যদিকে, সিলেট, বরিশাল, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রংপুর, ময়মনসিংহ ও গাজীপুর সিটি কর্পোরেশন ও সব উপজেলার (পৌরসভাসহ) অন্তর্ভুক্ত মাধ্যমিক বিদ্যালয় ও কলেজসমূহের বিজয়ীদের তালিকা উপজেলা নির্বাহী অফিসার বরাবর জমা দিতে হবে।